রাজনীতি

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীসহ গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অতীতে দেশের মানুষ তিনটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার ঝেঁকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। এজন্য গুপ্ত স্বৈরশাসকের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।”

তিনি নেতাকর্মীদের শুধু মিছিল-মিটিং নয়, জনগণের দুয়ারে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বক্তব্য অনেক হয়েছে, এখন কাজ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, “ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।”