রাজনীতি
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।
রোববার (২৮ সেপ্টেম্বর) এক লিখিত শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, বাংলাদেশের হাজার বছরের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সৌন্দর্য হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব ও সহমর্মিতা। তিনি হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে দুর্গোৎসব উদযাপন করার পাশাপাশি সর্বত্র সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইসলামের মহান শিক্ষা অনুযায়ীও অমুসলিম নাগরিকদের নিরাপত্তা, সম্মান ও অধিকার সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি হাদিস উদ্ধৃত করে বলেন, যে কেউ নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নিপীড়ন করে বা তাদের অধিকার খর্ব করে, সেই অন্যায়ের বিরুদ্ধে কেয়ামতের দিন প্রিয় নবী (সা.) নিজেই অবস্থান নেবেন।
তারেক রহমান আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা নৈতিক দায়িত্ব। তাই দুর্গাপূজা উপলক্ষে কেউ যেন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা না করে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”
দেশের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকারও সবার।”
শেষে বিএনপির পক্ষ থেকে আবারও শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান তারেক রহমান।