রাজনীতি

পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পিএম

পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ:  রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থির পরিস্থিতি তৈরি করছে। রাজনৈতিক স্বার্থে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভেঙে দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, দুর্গাপূজাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেও ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র ব্যর্থ করে পূজার শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে কাজ করছে এবং অঙ্গীকারবদ্ধ।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সম্প্রীতি রক্ষা করা শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়িত্বও।”