রাজনীতি

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো অনিশ্চয়তা নেই: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:১৯ এএম

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো অনিশ্চয়তা নেই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, "গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে এবং ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমানের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নেব।"

মির্জা ফখরুল আরও জানান, বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন প্রক্রিয়ার জন্য পৃথিবীজুড়ে সমর্থন রয়েছে।

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফরের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, "এই সফর অত্যন্ত সফল ছিল। জাতিসংঘের অধিবেশন ছাড়াও বিশেষ করে প্রবাসীদের সঙ্গে যে সভাগুলো হয়েছে, তা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক ছিল। গণতন্ত্রের জন্য এটি একটি ভালো পদক্ষেপ ছিল।"

তিনি আরও বলেন, "জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা এ সফরে বিভিন্ন দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।"

নিউইয়র্কে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, "এটি কোনো বিষয় নয়। আমরা এটিকে বড় করে দেখছি না। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেছে, এবং এটি আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ।"