রাজনীতি
ভারত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : বিএনপি নেতা মুশফিকুর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ভারত কখনোই বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও আসবে না।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করে।
মুশফিকুর রহমান বলেন, “আমরা বাংলাদেশের মানুষ সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্য কোনো রাষ্ট্র এসে আমাদের দেশে মাতব্বরি করবে—এটা আমরা মেনে নেব না, সে যেই হোক না কেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা একটি বৃহৎ রাষ্ট্রের সীমান্তবর্তী দেশ। আর সে কারণে ভারত আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় না।”
তিনি আরও বলেন, “আমরা ভারতের জনগণকে ভালোবাসি। তারাও যেন আমাদের জনগণকে ভালোবাসে। কোনোভাবেই এমন কাজ করা উচিত নয় যাতে আমরা ভারতবিদ্বেষী হয়ে যাই।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতারা।
পথসভা শেষে মুশফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এরপর দুপুর দেড়টায় কসবা পৌর মুক্তমঞ্চে বিএনপির আরেকটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সদস্য আবু হানিফ, কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বেনজির আহমেদ রাসু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির।
এছাড়া বিকেলে মুশফিকুর রহমান উপজেলার কাইমপুর ও কুটি ইউনিয়নে আয়োজিত আরও দুটি পথসভায় অংশ নেন এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।