রাজনীতি

অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে: ইশরাক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে: ইশরাক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইশরাক তার পোস্টে লিখেছেন, “বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।”

বিএনপি নেতার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন আরও দুইজন পরিচালককে।

নির্বাচনের ফলাফলে প্রত্যাশিত নামগুলোই পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এটি অনেকের কাছে আগেই পূর্বনির্ধারিত বলে মনে হয়েছে। অন্যদিকে, নতুন সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “আমরা দেশের ক্রিকেটের উন্নয়নেই কাজ করব। সবার সহযোগিতা চাই।”