রাজনীতি
বিএনপি ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে দেশের বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি শিক্ষকদের সব যৌক্তিক দাবি রাষ্ট্রের সক্ষমতার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক-কর্মচারীদের সমাবেশে ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, “একটি জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষক সমাজকে শক্তিশালী করতে হবে। শিক্ষকরা দুর্বল হলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
তারেক রহমান বলেন, “শিক্ষকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই হবে বিএনপির অগ্রাধিকার। আমরা নীতিগতভাবে আপনাদের সঙ্গে একমত। এদেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সমাজকে পুনর্গঠনে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়েই এগোচ্ছে।”
তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সেই বিপ্লবের সূচনা করতে হবে। আর সেই বিপ্লবের নেতৃত্ব দিতে হবে শিক্ষক সমাজকেই।”
আগামী জাতীয় নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন কামনা করে তারেক রহমান বলেন, “আপনাদের সহযোগিতা পেলে আমরা একটি বৈষম্যহীন, সম্মানজনক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারব।”
সমাবেশে দেশজুড়ে থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন। তারা চাকরি জাতীয়করণ, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।