রাজনীতি

ধানের শীষ জিতলে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম

ধানের শীষ জিতলে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল শক্তিকে সরে যেতে হবে। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ধানের শীষ এখন জনগণের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। এটি ঠেকাতে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে ধানের শীষ জয়ী হবে, ষড়যন্ত্রকারীদের পেছনে তাকিয়ে পালিয়ে যেতে হবে।”

সভায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেছিলেন, “এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে।”

জবাবে ফখরুল বলেন, “আপনাদের মার্কা নির্বাচন কমিশন নির্ধারণ করবে, বিএনপি না। তাহলে ধানের শীষ নিয়ে এত আগ্রহ কেন? কারণ ধানের শীষ এখন অপ্রতিরোধ্য। সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে। এটা ঠেকানো সম্ভব নয়।”

গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনই একমাত্র পথ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আইন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হলে, গণতন্ত্রে ফেরা যাবে না। যত সংস্কারই হোক না কেন, গণতন্ত্রের বিকল্প কিছু নেই।”

তিনি বলেন, “আজ যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তাতে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার একটা সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “শুধু হাসিনা বললে সেটা তাকে সম্মান দেওয়া হবে। ‘মনস্টার হাসিনা’ দেশের সবকিছু তছনছ করে দিয়েছে। বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য—কোনো কিছুই ঠিক রাখেনি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীনতা ও গণতন্ত্রকামী। তারা বারবার লড়াই করেছে, আবার হোঁচট খেয়েছে। কিন্তু প্রতিবার তারা ঘুরে দাঁড়িয়েছে এবং আন্দোলনের মাধ্যমেই বিজয় ছিনিয়ে এনেছে। এবারও তার ব্যতিক্রম হবে না।”