রাজনীতি

নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে : আমীর খসরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম

নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করেই জনগণের কথা বলতে হবে। তিনি বলেন, “যতটুকু বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না—সে সিদ্ধান্ত জনগণই নেবে।”

শনিবার দুপুরে রাজধানীর কসমস সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচন পদ্ধতি’ বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, প্রতিনিধিত্বমূলক অনুপাতভিত্তিক (PR) পদ্ধতির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। তাই পিআর পদ্ধতি চালু হবে কি না, সেই সিদ্ধান্ত জনগণের ওপরই ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, “যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে চলবে—সে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জনগণ দেয়নি। তাই সনদেরও জনগণের ম্যান্ডেট প্রয়োজন।”

এই মুহূর্তে কার্যকর সংসদ গঠনই সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার মতে, “সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়ন করেই এগোতে হবে।”

গণতন্ত্রে একক দলের শাসনব্যবস্থার কোনো স্থান নেই উল্লেখ করে আমীর খসরু বলেন, “আমাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধী দলের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সহনশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”