রাজনীতি

আগামী নির্বাচনে পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: সেলিমা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম

আগামী নির্বাচনে পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: সেলিমা রহমান
বেগম সেলিমা রহমান। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেবে এবং সরাসরি ভোটে অন্তত পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নারী ও শিশু অধিকার ফোরামের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, “নারীরা এখন আর শুধু অংশগ্রহণ নয়, নেতৃত্ব দিতে চায়। বিএনপি সেই সুযোগ তৈরি করবে। প্রাথমিকভাবে পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের পরিকল্পনা আছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এর মধ্য দিয়ে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে।”

এ সময় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, “আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেবে। আমরা বিশ্বাস করি, জনগণের সমর্থন ও ভোটে তারা বিজয়ী হবেন।”