রাজনীতি
নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী
আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া ‘মামার বাড়ির আবদারের মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হলে সময় ও খরচ দুটোই বাঁচবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেটি নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে যারা অপরাধ করেছে, তাদের বিচার হবেই।”
তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে- এমন ধারণা ভুল। সব কিছু পেয়ে গেছি, এমন আত্মতুষ্টি জামায়াতে ইসলামীর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।”
বিএনপির এই নেতা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যে কোনো উসকানিতে কেউ যেন প্ররোচিত না হয়, বরং ধৈর্য ও শান্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।”
রিজভীর এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আসন্ন নির্বাচন ও সম্ভাব্য গণভোট নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।