রাজনীতি
অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল
অন্তর্বর্তী সরকারের প্রতি এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা অত্যন্ত জরুরি। জনগণ যেন বুঝতে পারে, এই সরকার তাদের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
তিনি বলেন, “সচিবালয়ে এমন কিছু কর্মকর্তা রয়েছেন, যারা অতীত সরকারের সময় একনায়কতান্ত্রিক আচরণের সহযোগী ছিলেন—তাদেরকে প্রশাসন থেকে সরাতে হবে। একইভাবে বিচার বিভাগেও যারা স্বৈরতন্ত্রের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যদিও বিচার বিভাগ স্বাধীন, তবুও প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে ফখরুল বলেন, “পুলিশে যারা নতুন নিয়োগ পাচ্ছেন, কিংবা যারা পদোন্নতি পাচ্ছেন, সেখানে কোনো ধরনের দলীয় প্রভাব থাকা চলবে না। এটা অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়।”
বিএনপি মহাসচিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের ভেতর যদি এখনো কোনো দলীয়ভাবে সংযুক্ত ব্যক্তি থেকে থাকে, তাদেরকেও অবিলম্বে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।
এদিন সন্ধ্যা ৬টার পর ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুলের নেতৃত্বে দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।