রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম

বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে: রিজভী
বিএনপির পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান। ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে- এমন মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে পরিকল্পিত নগর গড়ে তুলতে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে, তারা এ নগর গড়ে তোলেনি। আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপন করা হয়েছে, যা ভয়াবহ ঝুঁকিপূর্ণ।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার চাইলেই জনগণের জন্য কার্যকর কিছু মডেল তৈরি করতে পারত, যা ভবিষ্যতের নির্বাচিত সরকার অনুসরণ করতে পারে। বিএনপি ক্ষমতায় এলে হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।”

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রিজভীর অভিযোগ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।

অনুষ্ঠানে বিএনপির মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক বলেন, মিরপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দল সবসময় থাকবে।

এ ছাড়া আলাদা এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দেন আমিনুল হক। চলতি মাসের শেষ সপ্তাহে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন এই কিশোর দাবাড়ু।

মননের বাসায় গিয়ে সহায়তা প্রদান শেষে আমিনুল হক বলেন, “দেশজুড়ে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ আছেন। বিএনপি সবসময় তাদের পাশে থাকতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা তরুণ প্রতিভা বিকাশে কাজ করছি, যাতে খেলাধুলার প্রতিটি অঙ্গন আলোকিত হয়।”