রাজনীতি

শেখ হাসিনার ১৫ বছরের শাসন ও গত ১ বছরের সরকারের মধ্যে পার্থক্য নেই: রুমিন ফারহানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম

শেখ হাসিনার ১৫ বছরের শাসন ও গত ১ বছরের সরকারের মধ্যে পার্থক্য নেই: রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শূন্যেরও কম মানে ‘মাইনাসে পারফর্ম’ করছেন।

ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মাইনাস দেব। মানে শূন্যেরও কম। উনি সত্যিই মাইনাসে পারফর্ম করছেন।”

রুমিন ফারহানা আরও বলেন, যারা সরকারের চাটুকারিতা করেন তারা মব (মাইনাস বোঝানো) নতুন নয় বলে দাবি করলেও, তার মতে প্রতিদিনের মব হওয়া অবশ্যই নতুন ঘটনা। তিনি বলেন, “বছরে দুইটি মব হওয়া আর ৩৬৫ দিনে ৩৮০টি মব হওয়া একরকম নয়। তাই আমি মনে করি, স্বরাষ্ট্র উপদেষ্টা মাইনাস পাবে।”

এ সময় তিনি মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসন ও গত এক বছরের অন্তর্বর্তী সরকারের শাসনব্যবস্থার মধ্যে বিশেষ পার্থক্য নেই। রুমিন ফারহানা বলেন, “যারা প্রধান উপদেষ্টাকে নিয়ে কঠোর সমালোচনা করেন, তাদের ভাষায় তিনি নির্লিপ্ত। দেশে কী হচ্ছে, দেশ সংকটে যাচ্ছে কি না—এ বিষয়ে তার কিছু যায় আসে না। অথবা তিনি বিষয়টিকে খেলাধুলার মতো গ্রহণ করেছেন। কিন্তু দেশ চালানো খেলাধুলা নয়। এটি ১৮ কোটি মানুষের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত।”

তিনি আরও মন্তব্য করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো দেশের বাইরে থাকলে উন্নত বিশ্বের মধ্যে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারবেন। তবে বাংলাদেশের সাধারণ মানুষ, যারা দেশে জন্মেছে এবং এখানেই জীবন যাপন করছে, তাদের জন্য তার কর্মকাণ্ড স্বস্তিদায়ক নয়। রুমিন বলেন, “প্রধান উপদেষ্টা দেশের চেয়ে বিদেশে বেশি স্বস্তি অনুভব করেন। যেমনটি তিনি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া দেশীয় গণমাধ্যমের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক মনে করেন। এতে বাংলাদেশকে কতটা গুরুত্ব দেন—সেটি প্রশ্নবিদ্ধ।”

রুমিন ফারহানা উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও দেশকে কতটা সহযোগিতা করেছেন তা নিয়েও বহু সমালোচনা আছে। তিনি বলেন, “আওয়ামী লীগের কয়েকজন মানুষ ছাড়া দেশের আপামর জনগণের সমর্থন নিয়ে উনি কাজ করেছেন। বাংলাদেশের জন্য উনি অনেক বড় পরিবর্তন আনতে পারতেন, কিন্তু সেই সুযোগ হেলায় হারিয়েছেন।”