রাজনীতি

জোর মনোনয়ন বঞ্চিতদেরও ঐক্যে মূল্যায়ন করা হবে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২০ এএম

জোর মনোনয়ন বঞ্চিতদেরও ঐক্যে মূল্যায়ন করা হবে
ছবি: সংগৃহীত

ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের বার্তা দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা দলীয় মনোনয়ন পাবেন তাদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। 

একইসঙ্গে মনোনয়নবঞ্চিতদেরও দল মূল্যায়ন করবে বলে আশ্বস্ত করেছেন। দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আলাদাভাবে পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় দল যাকে মনোনয়ন দেবে তার সঙ্গে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। দলের এই সিদ্ধান্তের বাইরে যে নেতা অবস্থান নেবেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। 

রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা এবং ময়মনসিংহের বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা জানিয়েছেন, তারেক রহমান বক্তব্যে বলেন, আমি আগেও বলেছি- এখনো বলছি, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আস্তে আস্তে সেই শক্তি দৃশ্যমান হচ্ছে। সামনে আরও দৃশ্যমান হবে। দল ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি। বলেন, মনোনয়ন একজনকেই দেয়া হবে। তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো মূল্যে এই ঐক্য ধরে রাখতে হবে।

বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত রংপুর ও চট্টগ্রাম বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। 

চট্টগ্রাম বিভাগের প্রায় ১২০ জন মনোনয়নপ্রত্যাশী সভায় অংশ নেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ওদিকে রংপুর বিভাগের প্রায় শতাধিক মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। অন্যদিকে বিকাল ৫টা থেকে কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এরমধ্যে কুমিল্লা বিভাগে প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। ওদিকে আজ ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।   

সভায় উপস্থিত ৭ জন মনোনয়নপ্রত্যাশী বলে জানিয়েছেন, সভায় দল থেকে যে নেতাকে মনোনয়ন দেয়া হবে তারপক্ষে সকল মনোনয়নপ্রত্যাশীদের কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। যে নেতাকে মনোনয়ন দেয়া হবে, তাকেও মনোনয়ন না পাওয়া নেতাদের এক করে কাজ করার নির্দেশনা দেয়া হয়। বলা হয়, যারা মনোনয়ন পাবেন না তাদের দল মূল্যায়ন করবে। দলের ইমেজকে ধরে রাখারও নির্দেশনা দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ঐক্যের কোনো বিকল্প নাই। এটা মূল বিষয়। ঐক্যেই হচ্ছে আগামী দিনের সফলতার মূল চাবিকাঠি। ওদিকে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কী কী করবে তা সুনির্দিষ্টভাবে জনগণের কাছে তুলে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

ফরিদপুর বিভাগের দু’জন মনোনয়নপ্রত্যাশী  জানান, তারেক রহমান বলেন, দেশে নানা রকম সংকট ও ষড়যন্ত্র চলছে, এসময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা বঞ্চিত হবেন তাদের ভিন্নভাবে দল মূল্যায়ন করবে। 

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু  বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। একইসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। চট্টগ্রাম-১২ আসনে মনোনয়নপ্রত্যাশী সৈয়দ সাদাত আহমেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা অনুযায়ী আমরা মাঠে কাজ করছি। 

সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে আন্দোলন ও সংগ্রাম করছি। আগামী নির্বাচনেও ঠিক একইভাবে একসঙ্গে কাজ করতে হবে। এ ছাড়া সমস্যা, নির্বাচন নিয়ে আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।