রাজনীতি

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে পারবেন না বিএনপির প্রার্থীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে পারবেন না বিএনপির প্রার্থীরা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন ঘোষণার পর কোনো ধরনের আনন্দ মিছিল, মিষ্টি বা ফুল বিতরণ না করার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় দেশের পাঁচটি সাংগঠনিক বিভাগের (সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা) মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

সভায় তিনি বলেন, “মনোনয়ন পাওয়া মানেই আনন্দ মিছিল নয়। এতে বিভেদ বাড়ে, ঐক্য নষ্ট হয়। আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তারেক রহমান নেতাদের সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বা প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করলে প্রতিপক্ষ তার সুযোগ নেবে। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান— নির্বাচনের সময় কোনো বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন রুহুল কবির রিজভী।

মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য শুনে তারেক রহমান জানান, চলতি মাসের মধ্যেই অন্তত ২০০ আসনে একক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি বলেন, “এক আসনে একজনকেই মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না, তবে যারা পাবেন না— তাদেরও দল যথাযথভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করবে।”

সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, “সভায় তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, মনোনয়ন পাওয়া প্রার্থীর জন্যই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

এর আগে রবিবার (২৬ অক্টোবর) রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও মতবিনিময় করেন তারেক রহমান।

রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, “সভায় আমাদের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেওয়া হয়েছে। দেশ, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে বলা হয়েছে।”