রাজনীতি
সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতরা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী
সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতরা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর একটি রিসোর্টে আয়োজিত জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, “কোনো চাঁদাবাজ বা দখলদার বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য দলের দরজা বন্ধ। তবে শিক্ষক, কৃষক, দিনমজুর, রিকশাচালক-সব সাধারণ মানুষ বিএনপির সদস্য হতে পারবেন।”
তিনি আরও বলেন, “যারা অতীতে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে, তারাও বিএনপির রাজনীতি করতে পারবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন। এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানাসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।