রাজনীতি

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: শামসুজ্জামান দুদু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: শামসুজ্জামান দুদু
শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপি যদি গণভোটে ‘না’ ভোট দেয়, তবে পুরো প্রক্রিয়াই অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এ অবস্থায় গণভোটের ফল নিয়ে নতুন করে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। তাই গণভোটের বিষয়টি বাস্তবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ঐকমত্য কমিশন যে প্রতিবেদন দিয়েছে, সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট (অমত পোষণের নোট) বিবেচনায় নেওয়া হয়নি। আরও কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। এসব কারণে ঐক্যের পরিবর্তে অনৈক্য তৈরি হয়েছে। বিশ্বে এমন কোনো নজির নেই যেখানে পার্লামেন্টে আলোচনা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জোর করে বাস্তবায়ন করা যায়।”

তিনি আরও বলেন, “যারা গণহত্যা চালিয়ে দেশের সম্পদ লুট করেছে এবং বিদেশে পালিয়ে গেছে, তারা কখনোই সুষ্ঠু নির্বাচনের পক্ষে নয়। এমনকি অনেক দেশও বর্তমান নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে— আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে সম্ভব? অর্থাৎ, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে একটি মহল বাধা সৃষ্টি করছে।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিমসহ দলীয় নেতৃবৃন্দ।