রাজনীতি

ঢাবিতে স্নাতকে সিজিপিএ-৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন ছাত্রদল নেতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পিএম

ঢাবিতে স্নাতকে সিজিপিএ-৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন ছাত্রদল নেতা
মো. সাব্বির হাসান ও ছাত্রদলের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হাসান স্নাতকে সিজিপিএ ৩.৮৩ পেয়ে তার বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির স্নাতক পর্যায়ে ধারাবাহিকভাবে অসাধারণ ফলাফল করেছেন। তিনি প্রথম সেমিস্টারে জিপিএ ৩.৮৩, চতুর্থ সেমিস্টারে জিপিএ ৪.০০ এবং সপ্তম সেমিস্টারে জিপিএ ৩.৮৮ অর্জন করেন। সর্বশেষ ফলাফলে তার সিজিপিএ দাঁড়ায় ৩.৮৩, যার মাধ্যমে তিনি ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হন।

শিক্ষার পাশাপাশি সাব্বির রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি মাস্টারদা সূর্যসেন হল সংসদের ছাত্রদল মনোনীত প্যানেলের সংস্কৃতি সম্পাদক পদে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন।

নিজের অর্জন সম্পর্কে অনুভূতি জানিয়ে সাব্বির হাসান বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া আলহামদুলিল্লাহ। জীবনে বহুদূর এগিয়ে যেতে চাই। দেশের জন্য কাজ করতে চাই। নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ লালন করে, সেই বাংলাদেশ গড়তে নিজের জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।”