রাজনীতি

প্রার্থী তালিকা নিয়ে মির্জা ফখরুলের ভিডিওবার্তা ভুয়া: বিএনপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

প্রার্থী তালিকা নিয়ে মির্জা ফখরুলের ভিডিওবার্তা ভুয়া: বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে দলের প্রার্থী তালিকা ঘোষণা করতে দেখা যায়। তবে বিএনপি দাবি করেছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, সম্পাদিত ও বিভ্রান্তিকর।

শনিবার (১ নভেম্বর) রাতের দিকে বিএনপির যাচাইকৃত (ভেরিফায়েড) ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ভিডিও ফুটেজ ও বক্তব্য বিকৃত করে কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিবের কণ্ঠ নকল করে একটি ভুয়া ভিডিও তৈরি করেছে। সেখানে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে দেখা যায়, যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।”

বিবৃতিতে আরও বলা হয়, “এই ধরনের ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানো ও জনমনে ভুল ধারণা তৈরি করা। বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে প্রচারিত ভিডিওটির সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।”

দলটি নেতাকর্মী, মনোনয়নপ্রত্যাশী ও সাধারণ জনগণকে এসব মিথ্যা ও সম্পাদিত ভিডিওতে বিশ্বাস না করতে আহ্বান জানিয়েছে।