রাজনীতি
জোটসঙ্গীদের ভুলে যায়নি বিএনপি, মিত্রদের জন্য ফাঁকা রয়েছে ৬৩ আসন!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। এবার নিজেদের জোটসঙ্গীদের ভুলে যায়নি দলটি। সহযোগী দলগুলোর জন্য ৬৩টি আসন খালি রেখেছে বিএনপি। বাকি ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির তিনটি জোটে এখন অন্তর্ভুক্ত আছে ৩০টি রাজনৈতিক দল। এর মধ্যে নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ সাতটি দল মিলে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’; বিশ দলীয় জোট থেকে গঠিত হয়েছে ১২-দলীয় জোট; আর ১১টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটে। এছাড়া বাম গণতান্ত্রিক জোট, সিপিবি ও ফ্যাসিস্টবিরোধী বেশ কিছু রাজনৈতিক দলও বিএনপির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।
দলীয় সূত্র জানায়, জোটের নেতাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন খালি রাখা হয়েছে। ঢাকায় সাতটি আসনে বিএনপি প্রার্থী দেয়নি- এর একটিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না লড়তে পারেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া-৬, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য ঝিনাইদহ-২, ১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য কিশোরগঞ্জ-৫ এবং জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের জন্য লক্ষ্মীপুর-৪ আসন খালি রাখা হয়েছে।
এছাড়া এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (চট্টগ্রাম-১৪), মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), বিএনপি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ (ঢাকা-১৭) ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের (ঢাকা-১৩) জন্যও আসন ফাঁকা রেখেছে বিএনপি।
তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো জানায়নি যে, তারা বিএনপির সঙ্গে জোটে যাবে কিনা।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। ২৩৭টি আসনে বিএনপির প্রার্থীদের প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। বাকি আসনগুলোতে যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর প্রার্থী ঘোষণা করা হলে আমরা তা সমন্বয় করব।”
তিনি আরও জানান, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।