রাজনীতি
পাত্র দেখা সংক্রান্ত বক্তব্যের কার্ডটি ভুয়া, জিডি করবেন ছাত্রদল সভাপতি রাকিব
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্য সংবলিত একটি কার্ড, যেখানে লেখা— “এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কীনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে।”
তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন, জানিয়েছেন স্বয়ং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার নামে প্রচারিত ওই কার্ডটি সম্পূর্ণ ভুয়া। আমি এমন কোনো বক্তব্য কখনোই দিইনি। এটা একটা অপপ্রচার। যারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।”
তিনি আরও জানান, “এই অপপ্রচারের ঘটনায় আমি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব। জিডি সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলব।”
বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে (টুইটার) ছড়িয়ে পড়ে রাকিবুল ইসলাম রাকিবের নামে ওই কার্ডটি। এতে ছাত্রদলের নাম ও প্রতীকও ব্যবহার করা হয়। দ্রুতই বিষয়টি ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় সমর্থক ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে।