রাজনীতি
অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী
নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
গত মঙ্গলবার বিকেল থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশন করছেন তিনি। তারেক রহমান ঘোষণা দিয়েছেন- নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই অনশন অব্যাহত রাখবেন।
এবার তার অনশন কর্মসূচিতে সংহতি জানাতে পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার বিকেলে ইসি কার্যালয়ের সামনে এসে রিজভী আহমেদ অনশনরত তারেক রহমানের প্রতি বিএনপির পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।
এরপর মো. তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রুহুল কবীর রিজভীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “বিএনপি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে- এটাই প্রমাণ করে, ন্যায়ের দাবিতে কেউ একা নয়।”
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংহতির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানের পাশে বসে রিজভী আহমেদ সংহতি প্রকাশ করছেন এবং তার দ্রুত সুস্থতা ও দাবি পূরণের আহ্বান জানাচ্ছেন।
আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান অভিযোগ করেন, “আমরা নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেছি, তারপরও অজানা কারণে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।”
রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, একটি নতুন দলের নিবন্ধন ইস্যুতে প্রধানধারার দলের নেতাদের সংহতি প্রকাশ ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।