রাজনীতি
কেউ কেউ বলছেন আমি ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি: মীর স্নিগ্ধ
বিএনপিতে সম্প্রতি যোগ দিয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তবে রাজনৈতিক অঙ্গনে প্রবেশের পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে মীর স্নিগ্ধ লেখেন, “গত কয়েক দিন ধরে আমি আপনাদের অনেক মন্তব্য পড়েছি—একটাও বাদ দিইনি। অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছেন, সাহস জুগিয়েছেন; তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আবার অনেকেই রাগ করেছেন—কেউ লিখেছেন আমি ‘ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি’, কেউ বলছেন ‘অযোগ্য’ বা ‘ক্ষমতালোভী’।’’
এই সমালোচনায় রাগ হয়নি উল্লেখ করে তিনি লিখেছেন, “সত্যি বলছি, এসব মন্তব্য পড়ে আমার একটুও রাগ হয়নি। বরং এক ধরনের ভালো লাগা কাজ করেছে। কারণ, মানুষ সাধারণত তাকে নিয়েই রাগ করে যাকে নিজের মনে করে। আপনারা আমাকে বকা দিচ্ছেন, কারণ আপনারা মুগ্ধকে ভালোবাসেন। আমি যদি পথভ্রষ্ট হই—এই ভয়েই আপনারা এমন বলছেন। এই রাগ আসলে আপনাদের ভালোবাসা, আমি তাই ভাবি।”
নিজেকে রাজনীতিবিদ হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই দেখছেন জানিয়ে মীর স্নিগ্ধ লিখেন, “আমি রাজনীতিবিদ হয়ে জন্মাইনি। কয়েক মাস আগেও আমি আপনাদের মতোই সাধারণ এক তরুণ ছিলাম। পড়াশোনা শেষ করে নিজের মতো করে জীবন গড়ার স্বপ্ন ছিল। কিন্তু জুলাইয়ের সেই দিন—সেই এক গুলিই আমাদের পুরো জীবনকে ওলটপালট করে দিয়েছে।”
সহোদর ভাই শহীদ মীর মুগ্ধকে স্মরণ করে তিনি আরও লিখেন, “যখন কেউ বলে আমি ‘ভাইয়ের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি’, তখন বুকের ভেতরটা কেমন লাগে জানেন? মনে হয়, এর চেয়ে যদি সেই গুলিটা আমাকেই লাগত! আবার যখন আমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন মনে হয়, বেঁচে থাকাটাই যেন অপরাধ।”