রাজনীতি

জামায়াতসহ আট দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

জামায়াতসহ আট দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট গঠন করেছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। এটি আসলে নির্বাচনী প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “গণভোট হলে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে। দুটি ভোট আলাদা করে আয়োজন করতে গেলে অনেক টাকা খরচ হবে। যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, তারা দেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়।”

বিএনপি মহাসচিব স্পষ্ট করে জানান, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে, অন্যথায় দেশের জনগণ তা মেনে নেবে না।

সমাবেশ শেষে বিকেল সোয়া ৪টার দিকে নয়াপল্টন থেকে বিএনপির র‌্যালি শুরু হয়। র‌্যালিটি সোনারগাঁও হোটেলের সামনে সার্ক ফোয়ারা পর্যন্ত গিয়ে শেষ হয়।