রাজনীতি
ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না—সে কারণেই তারা নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। যদি অন্তর্বর্তী সরকার এসব বিষয় জোর করে চাপিয়ে দিতে চায়, তবে এর দায়ভার সরকারকেই নিতে হবে।”
এনসিপিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “এলাকায় এনসিপির কোনো অস্তিত্ব নেই। সে কারণেই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে। তারা শুধু পিআর চায়, কিন্তু জনগণ এসব বোঝে না। এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্যই ভোট পেছানো।”
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলের অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।