রাজনীতি
আজ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে দিনাজপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমিতে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় খালেদা জিয়ার পক্ষে প্রচারণা শুরু, জেলার সব মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ এবং শিগগিরই অঙ্গসহযোগী সংগঠনগুলোর সঙ্গে আরেকটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে দিনাজপুরের প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির আসন ফাঁকা রাখা হয় এবং তার পক্ষেই আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন ডা. জাহিদ হোসেন।
তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাদের অনেকেরই প্রথমবার ভোট দেওয়া। তাদের কাছে পৌঁছাতে হবে সঠিকভাবে- আচরণ, ভাষা, কর্ম, সবই তারা খেয়াল করবে। মানুষ আমাদের পছন্দ করলে বিএনপি জয়ী হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।