রাজনীতি

গায়ের রংয়ের কারণে পরিত্যক্ত আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম

গায়ের রংয়ের কারণে পরিত্যক্ত আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

যশোরে গায়ের রংয়ের ভিন্নতার কারণে পিতার দ্বারা পরিত্যক্ত শিশুকন্যা আফিয়া এবং তার মায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফিয়ার সম্পূর্ণ পড়ালেখার দায়িত্ব নেওয়ার পাশাপাশি দশ দিনের মধ্যে তাদের জন্য একটি নতুন ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে আফিয়া ও তার মায়ের মানবিক সংকটের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, “আগামী দশ দিনের মধ্যেই আফিয়ার জন্য নতুন ঘর তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি তার লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়া হবে। আফিয়ার পিতাকে পরিবারে ফিরে আসতে উৎসাহিত করতেও আমরা পদক্ষেপ নেব।”

তিনি আরও জানান, আফিয়া জেনেটিক ডিজঅর্ডারজনিত বিরল সমস্যায় ভুগছে—যা লাখে একজনের শরীরে দেখা যায়।

অমিত বলেন, “পিতার পরিবারের মধ্যে শিক্ষার অভাব একটি ভুল ধারণা সৃষ্টি করেছিল। আমাদের নেতার নির্দেশে আমরা আফিয়ার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

তারেক রহমানের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে আফিয়ার মা মনিরা খাতুন জানান, তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এই সহায়তা বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।