রাজনীতি
ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সালাহউদ্দিন বলেন, বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে আল্লাহ এক এবং হজরত মোহাম্মদ (সা.) শেষ নবী। মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তি ও দ্বৈরথের কারণেই ফিলিস্তিন ও মিয়ানমারের মতো দেশে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। দেশের জনগণ আস্থার ভোট দিলে, সবার সমর্থন নিয়ে খতমে নবুওয়ত কমিটির উত্থাপিত দাবি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বিএনপি।
তিনি আরও বলেন, “যারা রাসুলুল্লাহ (সা.)–কে শেষ নবী হিসেবে মানে না, তাদের বিএনপিও মুসলিম মনে করে না।”
সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক মহাসম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ আলেমরা অংশ নিয়েছেন।
বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।
মহাসম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।