রাজনীতি

৮ মাসের স্থগিতাদেশের পর সকল পদে ফিরলেন বিএনপি নেতা মাসুদ তালুকদার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম

৮ মাসের স্থগিতাদেশের পর সকল পদে ফিরলেন বিএনপি নেতা মাসুদ তালুকদার
মাসুদ তালুকদার। ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ মার্চ থেকে দলের সব পদে স্থগিত থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আবারও তার দায়িত্বে ফিরেছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ স্থগিতের পর থেকে তিনি দলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি।

এখন থেকে মাসুদ তালুকদার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। দলীয় পর্যায়ে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব পুনরায় কাজে লাগবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সমন্বয়মূলকভাবে কাজ করার জন্য মাসুদ তালুকদারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।