রাজনীতি

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:২৬ এএম

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন। তার উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

সেনাকুঞ্জের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত বছর দীর্ঘ সময় পর প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে একই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর ছিল তার সর্বশেষ জনসমক্ষে উপস্থিতি।

এবারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা গেছে।