রাজনীতি
পিআর বা গণভোট কী তা দেশের মানুষ এখনও বোঝে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ মানুষ এখনো ‘পিআর’ বা ‘গণভোট’ এই ধারণাগুলোর সঙ্গে পরিচিত নয়। তার মতে, এসব বিষয় তাদের কাছে অনেকটাই নতুন এবং অচেনা।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে ‘মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ’-এর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনী সংস্কার ও গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মানুষের কাছে এখনো পিআর পরিচিত নয়। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এই সিদ্ধান্তের বিষয়টিও অনেকেই বুঝতে পারবেন না। তার ভাষায়, “শেষ দিন পর্যন্তও হয়তো কেউ কেউ বিষয়টি ঠিকভাবে বুঝতে পারবে না।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ১০ বছর ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছু করেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশন যে পিআরের কথা বলেছেন তা বোঝে না দেশের জনগণ। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশে একটি “দানবীয় সরকার” ক্ষমতায় ছিল, যারা রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে দলীয়করণ করে প্রাতিষ্ঠানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, শহীদ জিয়াউর রহমানের দল হিসেবে বিএনপি সব সময় ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে।
সমাজে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এত মুসলমান, এত মসজিদ, মাদ্রাসা, ইমাম, আলেম–ওলামা থাকা সত্ত্বেও কেন সমাজে অন্যায়, দুর্নীতি ও অর্থ পাচার বাড়ছে- তা তিনি বোঝেন না।
আক্ষেপ জানিয়ে তিনি আরও বলেন, “একটি মসজিদ বানাতে আমাদের মানুষের প্রবল আগ্রহ থাকলেও, একটি ভালো মানুষ তৈরি করার ক্ষেত্রে সেই আগ্রহ খুঁজে পাওয়া যায় না।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।