রাজনীতি
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না: ইশরাক
আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।
ইশরাক অভিযোগ করে বলেন, “শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। কিন্তু আমরা তা হতে দেব না।”
তিনি আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ থাকলে গণতান্ত্রিক আন্দোলন দুর্বল হয়ে যাবে। তাই সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইশরাক। তার ভাষায়, “জুলাই আন্দোলনে যুক্ত সব দল একসঙ্গে থাকতে না পারলে বহিঃশত্রুরা আমাদের করদ রাষ্ট্রে পরিণত করতে চাইবে।”
দেশকে ‘করদ রাষ্ট্রে’ পরিণত করার কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে সব বিভেদ দূরে সরিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার সময় এসেছে।