রাজনীতি
বিএনপির আরও ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
আবেদনের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি তাদের ১০ নেতার বহিষ্কার বা স্থগিত আদেশ প্রত্যাহার করেছে। শনিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১১ আগস্ট সাংগঠনিক কারণ দেখিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছিল। পরে তার আবেদন এবং পর্যালোচনার পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে আগের মতোই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ এপ্রিল বরিশাল জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের মোট নয় নেতার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ স্থগিত করা হয়েছিল।
স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহসভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং ৩০নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদ।
আবেদন ও পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রত্যাহারকৃত স্থগিতাদেশ বাতিল করা হয়েছে এবং তারা পুনরায় নিজ নিজ দায়িত্বে বহাল হয়েছেন।
এর আগে একই প্রক্রিয়ায় আরও কয়েকজন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করেছিল বিএনপি, যা দলের অভ্যন্তরীণ পুনর্বিন্যাস ও সাংগঠনিক শৃঙ্খলা পুনরুদ্ধারের অংশ হিসেবে দেখা হচ্ছে।