রাজনীতি

প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম, বিশ্বাস বিএনপির: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম, বিশ্বাস বিএনপির: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি মনে করে প্রধান উপদেষ্টা একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে সরকারের কয়েকজন উপদেষ্টার আচরণ সেই বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ননএমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবির চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ননএমপিও শিক্ষকদের দাবি শতভাগ ন্যায্য, অথচ সরকারের আচরণ দেখে মনে হয় গরিব শিক্ষকদের তারা দেশের নাগরিক হিসেবেই গণ্য করে না।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকারের কিছু উপদেষ্টার কথা-বার্তা ও কার্যকলাপ দেখে মনে হয় না তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে চান। তবুও বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখেন।”

প্রসঙ্গত, টানা ২৩ দিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন ননএমপিও প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। সম্মিলিত ননএমপিও ঐক্যপরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী আন্দোলন ও অনশনে অংশ নিয়েছেন।