রাজনীতি

প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন ব্যারিস্টার জাইমা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন ব্যারিস্টার জাইমা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) তিনি বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে ভার্চুয়াল সভায় যুক্ত হন। সভায় জাইমাকে দলের নেতাকর্মীরা ধন্যবাদ জানান এবং দলের কাজের অগ্রগতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন।

রাজনৈতিক মঞ্চে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার পদচারণা শুরু হয়েছে অনেক আগেই। ছোটবেলা থেকেই দাদি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যেত।

দলের শীর্ষ নেতারা মনে করছেন, ব্যারিস্টারি সম্পন্ন করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোর সঙ্গে তার সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগকে নতুন মাত্রা দিতে পারে।

জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি পাশের পর থেকেই দলের মধ্যে তার প্রতি নতুন প্রত্যাশা দেখা দিয়েছে।