রাজনীতি

ব্রিটিশ পার্লামেন্টে ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

ব্রিটিশ পার্লামেন্টে ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার
তারেক রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ ইউকে’ ব্রিটিশ পার্লামেন্টে আয়োজন করতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সেমিনার, যার শিরোনাম- ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ’। 

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এ আয়োজন, যেখানে অংশ নেবেন ব্রিটেন ও বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আতাউল্যাহ ফারুক জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক পরিসরের বিশেষজ্ঞ, সংসদ সদস্য এবং পেশাজীবীদের একত্রিত করাই সেমিনারের মূল উদ্দেশ্য। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নীতিনির্ধারণে বৈশ্বিক ভূমিকা কী হতে পারে- তা নিয়েও বিস্তৃত আলোচনা হবে।

সেমিনারে ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডসের সদস্য, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আয়োজকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ ধরনের আন্তর্জাতিক আলোচনা নীতি-সহযোগিতা, কূটনৈতিক যোগাযোগ এবং ভবিষ্যতে বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান-সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।