রাজনীতি
নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেছেন যে স্বাধীনতার বিপক্ষের শক্তি বর্তমান নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পলাতক শক্তি ও তাদের সহযোগীরা সুযোগ নিতে পারে। তাই যেকোনো কর্মসূচি সামনে রেখে সতর্ক ও সচেতন থাকা জরুরি।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, “নির্বাচন বানচালের বহু ষড়যন্ত্র চলছে। আসল প্রেতাত্মারা দেশত্যাগী হলেও তাদের দোসররা এখনো দেশে সক্রিয় রয়েছে। বিগত সরকারের এসব প্রভাবশালী শক্তি এখনো বিভিন্ন সেক্টরে কাজ করছে।”
তিনি আরও বলেন, “এই সব ষড়যন্ত্র প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে বিএনপির ঘোষণা করা ৩১ দফা বাস্তবায়ন এবং সরকারের অধীনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন সম্পন্ন করা।”