রাজনীতি
দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনে গণমাধ্যমকে ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে দীর্ঘ ১৫ বছরের ‘স্বৈরশাসনে’ দেশের গণমাধ্যম ব্যবস্থা পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, “শেখ হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, বাকস্বাধীনতার পথ রুদ্ধ করে দিয়েছেন।”
তিনি জানান, গোটা জাতি আজ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মূলভিত্তি উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমতকে সহ্য করার সংস্কৃতি দেশে ক্রমেই সংকুচিত হয়ে গেছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
বিএনপি মহাসচিব তার বক্তব্যে আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তিনি চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
সাংবাদিকদের প্রতি পেশাগত দায়িত্ব ও নৈতিকতার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, “সাংবাদিকতার মৌলিক নীতিমালা রক্ষা করতে হবে। কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুসরণ করলে গণমাধ্যমের স্বাধীনতা নষ্ট হয়।”
তিনি বলেন, বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম এখন বড় একটি সংকটের সৃষ্টি করেছে। এসব প্ল্যাটফর্মে দায়বদ্ধতার অভাবে ব্যক্তিগত মতপ্রকাশের নামে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে, যা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে এবং সমাজে নৈরাজ্য বাড়াচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব কাদের গনি চৌধুরী।