রাজনীতি

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা নয়াপল্টনে অনুষ্ঠিত খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “গত দুদিন ধরে তিনি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, গতকাল রাত থেকে তার অবস্থা অত্যন্ত সংকটময়।”

তিনি আরও জানান, সারাদেশে দলীয়ভাবে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। মসজিদে মসজিদে মানুষ তার আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। “আমরাও আজ নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে তার দ্রুত সুস্থতা কামনা করেছি,” বলেন মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। “সারা জীবন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন—কারাভোগ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।