রাজনীতি

সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে দুটি গুরুত্বপূর্ণ আইন পাশ করানোর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও-সংশ্লিষ্ট আইন দ্রুত পাসের প্রস্তুতি চলছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাশ করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।

জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করা সমীচীন হবে না বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।