রাজনীতি
জ্ঞান থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়: মির্জা আব্বাস
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান ফেরায় স্বস্তি মিললেও তার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার উন্নত ও বিশেষায়িত চিকিৎসা অত্যন্ত জরুরি।
ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালের বিশেষ যত্ন ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার অবস্থার খবর নিতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাসপাতালে ভিড় করেন বিএনপির শীর্ষ নেতারা ও দলীয় কর্মীরা।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাসসহ অন্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন।
এর আগে রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজের পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টন জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতারা। একইভাবে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও জুমার পর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে তৃণমূল নেতাকর্মীরাও অংশ নেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা যেন কোনো দিক থেকেই ব্যাহত না হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির কাছে এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”