রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে: আজম খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে: আজম খান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকাল রোববার রাত থেকে ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ রয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তার ভাষায়, খালেদা জিয়া বর্তমানে জীবন রক্ষার লড়াই করছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে। আমাদের মাঝে ফিরে আসার জন্য তিনি ফাইট করছেন। এখনো বলার মতো অবস্থায় নেই। জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।”

তিনি নিশ্চিত করেন, খালেদা জিয়া ভেন্টিলেশন/লাইফ সাপোর্টে আছেন। আজম খান বলেন, “সিসিইউ থেকে আইসিইউ—এখন ভেন্টিলেশন সাপোর্ট। ম্যাডাম খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন।”

চিকিৎসার বিষয়ে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এখন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন। তার ভাষায়, “সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাকিটা আল্লাহর ওপর ভরসা।”

প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। লিভারজনিত জটিলতা, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা তার ফুসফুসে সংক্রমণ শনাক্ত করেন।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা “অত্যন্ত সংকটজনক”, এবং তার বর্তমান অবস্থায় বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই।