রাজনীতি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সোমবার দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল ও দোয়া-খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান এলাকা এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে হতদরিদ্র, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বিভিন্ন থানা ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা।