রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা দিতে চীনের পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে যোগ দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তারা হাসপাতালে পৌঁছান।

আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) মূল বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন গণমাধ্যমকে জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত জরুরি হয়ে পড়েছে। সেই ধারাবাহিকতায় চীনা চিকিৎসকদের প্রাথমিক দল এসে চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে, আর মঙ্গলবার যুক্ত হবেন মূল বিশেষজ্ঞরা।

এরই মাঝে মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি অতিরিক্ত বিশেষজ্ঞ পর্যবেক্ষণ ও সমন্বিত চিকিৎসার দাবি রাখে। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং তিনি অত্যন্ত অসুস্থ। তিনি দেশবাসীর কাছে দলের চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

গত চার দিন ধরে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন, যেখানে তার শারীরিক অবস্থার অবনতি রোধে চিকিৎসকেরা নিবিড় নজরদারিতে রাখছেন।