রাজনীতি

দেশবাসীর সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই শক্তির উৎস: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম

দেশবাসীর সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই শক্তির উৎস: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই তাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাঠানো শুভেচ্ছা, সহমর্মিতা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান লিখেছেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক, বন্ধুপ্রতিম ব্যক্তিত্ব এবং বাংলাদেশের লাখো মানুষের ভালোবাসা, উদ্বেগ ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে ছুঁয়ে গেছে।

মমতাময়ী দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে সঙ্গে নিয়ে নিরন্তর প্রার্থনা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এই কঠিন সময়ের মধ্যে জাতির ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।”