রাজনীতি

বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম

বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় কখনো আপস করেননি; তাই মানুষের ভালোবাসা স্বাভাবিকভাবেই তার প্রতি রয়েছে। তিনি দাবি করেন, জনগণের সেই ভালোবাসার প্রকাশ তারা মাঠে-সরকারে দেখতে পাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে বেগম জিয়া অতীতে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ‘কোনো সংঘাত বা রক্তপাত এড়াতে’ তিনি সরকার গঠন করে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে রিজভী বলেন, যারা সহিংসতার মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা দাবি করেছিলেন, তারাই পরে ক্ষমতায় এসে ব্যবস্থা বাতিল করেছেন এবং জনগণের অংশগ্রহণ ছাড়া নিজেদের ইচ্ছানুযায়ী দেশ পরিচালনা করেছেন। তার দাবি, বেগম জিয়ার বর্তমান অসুস্থতা সেই রাজনীতিরই ফল।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোগান্তি বাড়ে এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে জনস্বার্থকে গুরুত্ব দিতে হবে।