রাজনীতি
তারেক রহমানের জন্য দেশে এলো প্রায় ৩ কোটি টাকার বিশেষায়িত গাড়ি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি–২৫০ মডেলের একটি ‘হার্ড জিপ’ দেশে এসেছে। গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধিত হয়েছে।
বিআরটিএ সূত্র জানায়, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ অনুমোদন করা হয়। নিবন্ধনে মালিকানা ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ‘২৮/১ নয়াপল্টন’। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো–ঘ ১৬-৬৫২৮’। এ তথ্য প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
জানা গেছে, সাদা রঙের সাত আসনের এই গাড়িটি ২০২৪ সালে জাপানে তৈরি হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে গাড়িটি আমদানি করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের প্রতিষ্ঠান এশিয়ান ইমপোর্টস লিমিটেড।
চট্টগ্রামের ‘মা অ্যাসোসিয়েটস’-এর মাধ্যমে গাড়িটি দেশে আসে ১ নভেম্বর। আমদানির বিল অব এন্ট্রি অনুযায়ী, ২৮০০ সিসি ইঞ্জিনের এই গাড়িটির ঘোষিত ক্রয়মূল্য ছিল ৩৭ হাজার মার্কিন ডলার। এনবিআর প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা ধরে শুল্কায়ন করেছে। এতে বাংলাদেশের মুদ্রায় গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় প্রায় ৪৫ লাখ ২৯ হাজার টাকা।
তবে কাস্টমস কর্তৃপক্ষ অ্যাসেসমেন্ট ভ্যালু ৪১ হাজার ডলার নির্ধারণ করে। শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর বাবদ সরকারকে দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা।
ফিটনেস সনদ অনুমোদন করেন ঢাকা মেট্রো–১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার। ফিটনেসের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে এক বছরের জন্য।
বিল অব এন্ট্রির তথ্য অনুযায়ী, গাড়িটির ওজন ২ হাজার ৭৯০ কেজি এবং সর্বোচ্চ ধারণক্ষমতা ৩ হাজার ৮৫ কেজি।
এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো-রুম কর্মীরা গাড়িটি কার ব্যবহারের জন্য আনা হয়েছে—এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়—একটি জুনে, অন্যটি অক্টোবরে। তবে সদ্য নিবন্ধিত এই ল্যান্ড ক্রুজারটি বুলেটপ্রুফ কিনা, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।