রাজনীতি

চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে, তবে সেটি শুধুমাত্র চিকিৎসকরা নিশ্চিত করলে সম্ভব হবে যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত।

ফখরুল বলেন, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এলে পরশু (রবিবার) তাকে ইংল্যান্ডে নেওয়া যেতে পারে। তিনি জোর দিয়ে বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য এখনো গুরুতর, তাই তার শারীরিক সক্ষমতা যাচাই করা খুবই জরুরি।

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর ফখরুল সাংবাদিকদের জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উন্নত চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তারা মনে করেন, খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

মহাসচিব আরও বলেন, খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। সেখান থেকে তার অসুস্থতার শুরু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সঠিক চিকিৎসার অভাবে তার স্বাস্থ্য আরও খারাপ হয়ে গিয়েছিল।

ফখরুল জানান, কোভিডের সময় চার বছর ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন, তবে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু সাম্প্রতিক কয়েক দিনে তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটেছে।

এর আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থার কিছুটা অবনতি হওয়ায় লন্ডনে নেওয়ার পরিকল্পনা সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সও সেই কারণে সময়মতো ঢাকায় পৌঁছায়নি। ফখরুল বলেন, “এটি কেবল বিমানের সমস্যা নয়, তার স্বাস্থ্যগত অবস্থা নিয়েই এই বিলম্ব হয়েছে।”