রাজনীতি

এভারকেয়ার থেকে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

এভারকেয়ার থেকে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে কিছু সময় কাটানোর পর মায়ের বাসায় গেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ৪টার দিকে তিনি ধানমন্ডিতে মায়ের বাসায় পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এর আগে সকাল পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে কোনো বিরতি ছাড়াই সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এদিকে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহন করার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে লন্ডন থেকে আসা ডা. জুবাইদা রহমান এবং হাসপাতালে থাকা প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তার সঙ্গে বিদেশযাত্রায় থাকবেন। পাশাপাশি মেডিক্যাল বোর্ডের সদস্য এবং নিরাপত্তা টিমও এ যাত্রায় যুক্ত থাকবেন।